বিমানবন্দরে বিদেশি সিগারেটসহ আটক ৩

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক হাজার ৪০০ কার্টন বিদেশি সিগারেটসহ তিন ব্যক্তিকে আটক করেছে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগ।

আটক ব্যক্তিরা হলেন মো. ওয়াকিল, মো. নূর হোসেন ও গোলাম সাব্বির। তাঁদের মধ্যে গোলাম সাব্বির পাকিস্তানের নাগরিক। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তাঁদের আটক করা হয়।

বিমানবন্দর শুল্ক ও গোয়েন্দা বিভাগের উপপরিচালক মুস্তাফিজুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি বিমান পাকিস্তান থেকে কলম্বো হয়ে আজ বেলা ১১টার দিকে বিমানবন্দরে অবতরণ করে। গোপন খবরের ভিত্তিতে শুল্ক ও গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা যাত্রীদের তল্লাশি চালান। ইমিগ্রেশন পার হওয়ার পর এক হাজার ৪০০ কার্টন সিগারেটসহ ওই তিন ব্যক্তি আটক হন। আটক সিগারেটের মূল্য আনুমানিক ২৫ লাখ টাকা বলে জানান তিনি।