
ওয়েবসাইট থেকে টিকিট কেনা হলে যাত্রীদের জন্য ছাড়ের ঘোষণা দিয়েছে রাষ্ট্রীয় শতভাগ মালিকানাধীন এয়ারলাইনস বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বিমান জানিয়েছে, তাদের ওয়েবসাইটের ঠিকানায় গিয়ে টিকিট কাটা হলে যাত্রীরা ১০ শতাংশ ছাড় পাবেন। এ মূল্যছাড় শুরু হয়েছে দুই দিন আগে ২৮ এপ্রিল। আর বিমান বিজ্ঞপ্তি দিয়ে আজ।
আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে বিমান জানিয়েছে, বিমানের ওয়েবসাইট (www.biman-airlines.com) থেকে টিকিট কেনার ক্ষেত্রে ১০ শতাংশ মূল্যছাড় দিচ্ছে। বিমানের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব গন্তব্যের জন্য এই মূল্যছাড় প্রযোজ্য হবে।
বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকারের স্বাক্ষর করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ এপ্রিল বৃহস্পতিবার থেকে এ ছাড় শুরু হয়েছে। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। BGWEB2022 প্রমোকোড ব্যবহার করে এ ছাড় পাওয়া যাবে। যাত্রীরা বিকাশ ও নগদের মাধ্যমে বা ভিসা, মাস্টার ও এমেক্সের ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে টিকিটের মূল্য পরিশোধ করতে পারবেন। বিস্তারিত জানতে কলসেন্টার (০১৯৯০৯৯৭৯৯৭) কল করার জন্য অনুরোধ জানিয়েছে বিমান।