এক ঘণ্টা পর স্থগিত কেন্দ্রে ভোট শুরু

কুমিল্লা সরকারি সিটি কলেজ কেন্দ্রের বাইরে পড়ে থাকা ককটেল। ছবি: সাইফুল ইসলাম
কুমিল্লা সরকারি সিটি কলেজ কেন্দ্রের বাইরে পড়ে থাকা ককটেল। ছবি: সাইফুল ইসলাম

বিস্ফোরণ ও কেন্দ্রে ঢুকে বিএনপির কাউন্সিলর প্রার্থীকে মারধরের পর কুমিল্লা সরকারি সিটি কলেজ কেন্দ্রে এক ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ ছিল। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। এক ঘণ্টা পর সোয়া ১২টার দিকে আবার ভোটগ্রহণ শুরু হয়।

কেন্দ্রের ভেতরে পড়ে থাকা ব্যালট পেপার। ছবি: সাইফুল ইসলাম

ভোট চলাকালে ওই কেন্দ্রের বাইরে তিনটি ককটেল ছোড়া হয়। একটি ককটেল বিস্ফোরিত হয়। বাকি দুটি অবিস্ফোরিত ছিল। এ সময় ১৫ থেকে ২০ জন কেন্দ্রের ভেতরে ঢুকে ব্যালট পেপারে নৌকা প্রতীকে সিল মারা শুরু করে। ২১ নম্বর ওয়ার্ডের বিএনপির কাউন্সিলর প্রার্থী কাজী মাহবুবুর রহমান ও তাঁর এজেন্ট মো. ফরহাদকে মারধর করা হয়। সেখানে ব্যালট পেপার ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়।

পানিতে ডুবিয়ে রাখা হয়েছে ককটেল। ছবি: সাইফুল ইসলাম

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ফরিদ আহম্মেদ জানান, পরিস্থিতির কারণে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। পরে আবার তা চালু হয়।

র‍্যাব ১১ কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মোস্তাফা কায়জার সকালে বলেন, ককটেল বিস্ফোরণের কারণে জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

খবর পেয়ে বিএনপির মেয়র প্রার্থী মনিরুল হক কেন্দ্রে যান।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ছবি: সাইফুল ইসলাম