
রাজা দেবাশীষ রায় (৫৪) বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। গতকাল শুক্রবার দেবাশীষ রায় নতুন চাকমা রানি য়েন য়েনকে (৩৩) চাকমা ও রাখাইন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রীতিতে স্ত্রী হিসেবে বরণ করলেন। কনে য়েন য়েন বান্দরবানের রাখাইন সম্প্রদায়ভুক্ত।
এটি চাকমা সার্কেল-প্রধান রাজা দেবাশীষ রায়ের দ্বিতীয় বিয়ে। প্রথম স্ত্রী রানি তাতু রায় ১৯৯৮ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান।
রাঙামাটি শহরের রাজদ্বীপ এলাকার রাজবাড়ি প্রাঙ্গণে বিশেষভাবে নির্মিত একটি ‘যদনঘরে’ (বিবাহ মঞ্চ) সন্ধ্যা সাতটা ৪২ মিনিট থেকে আটটা ১৫ মিনিট সময়ের শুভক্ষণে চাকমা সামাজিক রীতিতে রাজা দেবাশীষ রায় ও রানি য়েন য়েনের বিয়ের কাজ সম্পন্ন হয়। এ সময় রাজা দেবাশীষ রায় ও য়েন য়েন দুজনেই ঐতিহ্যবাহী চাকমা পোশাক পরেন। শুভক্ষণের শুরুতে চাকমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রীতিতে উপস্থিত স্বজন ও প্রজাদের অনুমতি নিয়ে একটি কাপড় দিয়ে দেবাশীষ রায় ও য়েন য়েনকে একসঙ্গে কোমর বাঁধা হয়। বর ও কনেকে জোড় বেঁধে দেওয়ার এই প্রক্রিয়াকে বলে ‘যদনবানা’। তারপর আবারও সবার অনুমতি নিয়ে দুজনের কোমরে বাঁধা কাপড় খুলে দেওয়া হয়। এভাবে বর ও কনে সংসার জীবন শুরুর সামাজিক অনুমতি লাভ করেন।
এর আগে সকাল সাড়ে সাতটায় রাঙামাটির চাকমা রাজার বাড়ি থেকে রাজা দেবাশীষ রায়সহ ১৭ জনের একটি দল কনেকে আনতে বান্দরবানের উদ্দেশে রওনা দেন। বেলা ১১টায় কনের বাড়িতে পৌঁছালে রাখাইন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রীতিতে বরযাত্রীদের বরণ করা হয়।
গত বছরের ১২ ডিসেম্বর রাজা দেবাশীষ রায় ও য়েন য়েন অস্ট্রেলিয়ায় কয়েকজন বন্ধুবান্ধবের সামনে আংটি বদল করেন।
দেবাশীষ রায়ের বিয়েতে দেশ-বিদেশের চার হাজারের বেশি অতিথি আমন্ত্রিত ছিলেন।
রাজা দেবাশীষ রায়ের রাজকুমার ত্রিভুবন আর্যদেব রায় (২২) ও রাজকুমারী আরাধনা আয়িত্রী রায় (১৫) নামের দুই ছেলেমেয়ে রয়েছেন।
কনে য়েন য়েন বান্দরবান শহরের উজানীপাড়ার উমং রী রাখাইন ও দপু ম্যা রাখাইনের কন্যা। তিনি বর্তমানে অস্ট্রেলিয়ার অ্যডিলেড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন।