বিয়ের বয়স ১৮ বহাল রাখার দাবি

১৬ বছর বয়সে বিয়ের যে ধারাটি বাল্যবিবাহ নিরোধ আইনে ঢোকানোর চেষ্টা চলছে, তার বিরোধিতা করেছে সামাজিক প্রতিরোধ কমিটি। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে ৬৮টি মানবাধিকার ও উন্নয়ন সংগঠনের এই প্ল্যাটফর্ম মেয়েদের বিয়ের বয়স ১৮ বছরই বহাল রাখার দাবি করেছে।
কমিটি বলছে, বাল্যবিবাহ নিরোধ আইনে ‘১৬ বছর বয়সে মা-বাবা ও আদালতের সম্মতিতে’ বিয়ের ধারা যুক্ত হলে শিশু অধিকার সনদের ব্যত্যয় ঘটবে। এ ছাড়া বিয়ের বয়স কমালে তার নেতিবাচক প্রভাব নারীর স্বাস্থ্য, সিদ্ধান্ত গ্রহণ ও অর্থনৈতিক ক্ষমতায়নের ওপর পড়বে; পাশাপাশি নারীর সহিংসতার শিকার হওয়ার ঝুঁকিও বাড়বে। সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ডে এ শিশুরা বাদ পড়ে যাবে বলেও কমিটি মন্তব্য করে। বিজ্ঞপ্তি।