
বৃষ্টির জমে থাকা পানিতে ডুবে যমজ ভাইবোন লামিয়া (৬) ও মাসুদের (৬) মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ সোমবার সকাল ৯টায় পাশ্ববর্তী শরীয়তপুরের সখীপুর উপজেলায়। তারা উপজেলার তারাবুনিয়া গ্রামের বালারহাট এলাকার কুদ্দুস আলীর সন্তান।
শিশুদের মামা নুর হোসেন বলেন, ‘সকালে যমজ দুই ভাইবোন বাড়ির উঠানে খেলছিল। এ সময় তাদের বাবা নদীতে কাজে চলে যান। পরে তারা সবার অজান্তে বাড়ির পাশে বৃষ্টির পানি জমে থাকা একটি ছোট গর্তে পড়ে যায়। আমরা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করি। এমনকি গ্রামে মাইকিংও করি। পরে কোথাও না পেয়ে ঘরের পাশের একটি গর্তে দুজনকে একসঙ্গে উদ্ধার করি। এ সময় তাদের কোনো শ্বাসপ্রশ্বাস না পেয়ে দ্রুত ২৫০ শয্যা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাই। কিন্তু সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’
এ বিষয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক বেনজির আহেমদ বলেন, শিশু দুটি হাসপাতালে আনার আগেই মারা গেছে।