চট্টগ্রামে বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা বলেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কারণে পঙ্গুত্ব বরণ করছে সরকারি বিশ্ববিদ্যালয়। একজন শিক্ষক নিজের বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ক্লাস না নিলেও চার-পাঁচটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেন। এতে সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। গতকাল শনিবার নগরের থিয়েটার ইনস্টিটিউটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল মান্নান রচিত উচ্চশিক্ষা ও প্রাসঙ্গিক ভাবনা এবং প্রতিকৃতি: এই দেশ এই সময় বই দুটির প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা এ সব কথা বলেন।প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেনের সভাপতিত্বে প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম, সাবেক উপাচার্য আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন, ইস্ট-ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সিকান্দার খান, অর্থনীতিবিদ মইনুল ইসলাম, কবি ও সাংবাদিক আবুল মোমেন এবং লেখক আবদুল মান্নান। চিন্তক পাঠক সমাজ এ অনুষ্ঠানের আয়োজন করে। ইউজিসি চেয়ারম্যান বলেন, উচ্চশিক্ষায় সনদ বাণিজ্য বন্ধ করতে ইউজিসি বদ্ধপরিকর। উচ্চ শিক্ষায় গুণগত মান রক্ষায় সব ধরণের ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য কোন ধরণের সমঝোতা করা হবে না। অর্থনীতিবিদ মইনুল ইসলাম বলেন, অনেক বেসকারি বিশ্ববিদ্যালয়ের মালিক শক্তিশালী আমলা-ব্যবসায়ী। বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলোকে ব্যবসায়ীরা তাঁদের ‘গ্রুপ অব কোম্পানিজ’-এর অংশ হিসেবে বিবেচনা করে। আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য একটি আচরণবিধি তৈরি করতে ইউজিসির চেয়ারম্যানকে অনুরোধ করেন।