
বেসরকারি আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একদল শিক্ষার্থীর হাত ধরে ‘ফুডপল্লী’র যাত্রা শুরু হয়েছে। অনলাইন ব্যবসার অ্যাপভিত্তিক এ সাইটের অন্যতম উদ্দেশ্য কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতকরণের পাশাপাশি ক্রেতাদের সাশ্রয়ী মূল্যে পণ্যসামগ্রী দেওয়া।
এ ছাড়া রাজধানী ঢাকাসহ দেশের সব শহরে মুদিদোকানগুলোর সঙ্গে ফুডপল্লী ধারাবাহিকভাবে চুক্তিবদ্ধ হচ্ছে।
ক্রেতারা একদিকে যেমন তাঁর লোকেশনের আশপাশের যেকোনো মুদিদোকান থেকে পছন্দমতো পণ্য ক্রয় করতে পারবেন, অন্যদিকে আবার নতুন কোনো উদ্যোক্তা কোনো বিশেষ পণ্য নিয়ে কাজ করতে চাইলে ফুডপল্লীর সাইটে এসে তাঁর পণ্যের কেনাবেচা করতে পারবেন। তবে, এ জন্য তাঁকে ভেরিফায়েড হতে হবে।
ফুডপল্লীর একজন পরিচালক আবু সুফিয়ান সাদী বলেছেন, দেশের বাজারে পণ্যসামগ্রীর উচ্চমূল্যে জনমনে নাভিশ্বাস উঠেছে, জনগণের কাছে কম মূল্যে, ঝামেলাহীন ও খাঁটি পণ্য পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।
আরেকজন পরিচালক তাহিয়াত আরশী বলেন, ‘আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। ইনশা আল্লাহ আমাদের সেবা ও কার্যক্রম ইতিবাচক সাড়া ফেলবে।’
ফুডপল্লীর ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে উদ্যোক্তারা বলেন, মানুষের অর্থনৈতিক সীমার মধ্যে পণ্য সরবরাহ করা, দেশীয় মানুষের কর্মসংস্থান করা, মানুষ যেন ঘরে বসে তাঁদের প্রয়োজনীয় সামগ্রী স্বাচ্ছন্দ্যে, স্বল্পমূল্যে ক্রয় করতে পারে, এর জন্য তাদের চেষ্টা অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তি