নাটোরের লালপুর উপজেলায় গত মঙ্গলবার রাতে উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুত্ সঞ্চালন লাইনের তার চুরি করতে গিয়ে রবিউল ইসলাম (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
লালপুর থানা, পল্লী বিদ্যুত্ কার্যালয় ও স্থানীয় লোকজন জানান, মঙ্গলবার রাতে উপজেলার লালপুর-গোপালপুর সড়কের শিমুলতলায় ৬৬ হাজার ভোল্ট সঞ্চালন লাইনের তার চুরির সময় রবিউল বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় একই গ্রামের রাজিব ও ইলিয়াস নামের আরও দুজন আহত হন।
নাটোর পল্লী বিদ্যুত্ সমিতি-২ লালপুর আঞ্চলিক কার্যালয়ের কনিষ্ঠ প্রকৌশলী মারফত আলী জানান, মঙ্গলবার ঈশ্বরদী-কাটাখালী ৬৬ হাজার ভোল্ট সঞ্চালন লাইনে ওই ঘটনা ঘটে। লাইনটি লালপুরের ওপর দিয়ে গেলেও এটা পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিডিসিবি) অধীন।