
বৈশ্বিক শান্তি সূচকে সাত ধাপ এগিয়েছে বাংলাদেশ। বিশ্বের ১৬৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এবার ৯১তম।
বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব ইকোনমিকস অ্যান্ড পিস বৈশ্বিক শান্তি সূচক-২০২১ প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি নিরাপত্তা, সুরক্ষা, সামরিকীকরণ এবং চলমান সংঘাতের মতো ছয়টি বিষয় বিবেচনায় নিয়ে এ সূচক তৈরি করে।
২০২১ সালের বৈশ্বিক শান্তি সূচক (জিপিআই) অনুযায়ী বাংলাদেশের স্কোর হয়েছে ২ দশমিক শূন্য ৬৮। শান্তিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ ৯১তম স্থানে উঠে এসেছে। আগের বছর এ তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ৯৭তম।
তালিকা অনুযায়ী, দক্ষিণ এশিয়ায় শান্তিতে বাংলাদেশের অবস্থান তৃতীয়। শান্তির দিক থেকে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের আগে রয়েছে নেপাল ও ভুটান।
এশিয়ায় সবচেয়ে শান্তিপূর্ণ দেশ সিঙ্গাপুর। বিশ্বে তাদের অবস্থান একাদশতম।
তালিকা অনুযায়ী, বিশ্বের সবচেয়ে বেশি শান্তির দেশ আইসল্যান্ড, তাদের স্কোর ১ দশমিক ১। এরপর রয়েছে নিউজিল্যান্ড (স্কোর ১ দশমিক ২৫৩)। তৃতীয় অবস্থানে ডেনমার্ক (১ দশমিক ২৫৬), চতুর্থ পর্তুগাল (স্কোর ১ দশমিক ২৬৭), পঞ্চম স্লোভেনিয়া (স্কোর ১ দশমিক ৩১৫), ষষ্ঠ অস্ট্রিয়া (স্কোর ১ দশমিক ৩১৭), সপ্তম সুইজারল্যান্ড (স্কোর ১ দশমিক ৩২৩), অষ্টম আয়ারল্যান্ড (স্কোর ১ দশমিক ৩২৬), নবম চেক প্রজাতন্ত্র (স্কোর ১ দশমিক ৩২৯) এবং দশম স্থানে রয়েছে কানাডা (স্কোর ১ দশমিক ৩৩)।
প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে অশান্তির দেশ আফগানিস্তান। তালিকায় ১৬৩তম অবস্থানে থাকা সার্কের এ সদস্যদেশের স্কোর হয়েছে ৩ দশমিক ৬৩১। অশান্তির দিক দিয়ে তালিকায় ১৪ নম্বরে রয়েছে পাকিস্তান। ১৫০তম অবস্থানে থাকা পাকিস্তানের স্কোর ২ দশমিক ৮৬৮। আর প্রতিবেশী দেশ ভারতের অবস্থান ১৩৫তম, তাদের স্কোর ২ দশমিক ৫৫৩।
তালিকায় খারাপ অবস্থানে রয়েছে ইসরায়েলও। তাদের অবস্থান হয়েছে ১৪১তম, স্কোর হয়েছে ২ দশমিক ৬৩৩। ইসরায়েলের দমন–পীড়নে থাকা ফিলিস্তিনিরা রয়েছেন তাদের চেয়ে ভালো অবস্থানে। তালিকায় তাঁদের অবস্থান ১৩৮তম, স্কোর ২ দশমিক ৬১।