রাজধানীর বংশালে নিজের বোনকে হত্যার দায়ে এক ভাইসহ দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার পরিবেশ আপিল আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় দেন। দণ্ডিত ব্যক্তিরা হলেন আকবর হোসেন ও তফাজ্জল হোসেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণী থেকে জানা যায়, পাওনা টাকার জের ধরে ২০১৫ সালের ৫ আগস্ট আছিয়া বেগম ওরফে আছমা নামের এক গৃহবধূ খুন হন। এ ঘটনায় তদন্ত করে ওই বছরের ২৯ অক্টোবর পুলিশ আছমার ভাই আকবর হোসেনসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দেয়। তিনজনের মধ্যে সেলিম নামের এক আসামি মারা যান। ২০১৬ সালের ১ জানুয়ারি মামলার বিচার শুরু করেন আদালত। ১২ জনের সাক্ষ্য নিয়ে আদালত এ রায় ঘোষণা করেন।
আদালতের পেশকার মাসুদুর রহমান ভুঁইয়া প্রথম আলোকে বলেন, রায় ঘোষণার সময় আকবর হোসেনকে আদালতে হাজির করা হয়। অপর আসামি তফাজ্জল হোসেন জামিন নিয়ে পলাতক রয়েছেন।