সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় হাতবোমা বানানোর সময় বিস্ফোরণে এক মাদ্রাসাছাত্র আহত হয়েছে। গুরুতর অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নরসিংহপুর ইউনিয়নের দৌলতপুরে গতকাল সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নরসিংহপুরের নছরনগর হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ও দৌলতপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে রিয়াজউদ্দিন সোমবার সন্ধ্যায় বোমা বানানোর সময় হঠাৎ করেই বিস্ফোরণ ঘটে। এ সময় তার হাতের আঙুল উড়ে যায়। নরসিংহপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দৌলতপুরের বাসিন্দা হাবিবুর রহমান জানান, রিয়াজউদ্দিন বারুদ নিয়ে কাজ করছিল। এ সময় বিস্ফোরণে তার হাতের আঙুল উড়ে যায়। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশেক সুজা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।