বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা বাজারের তিন ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা রুবেল মুন্সিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার ব্যবসায়ীদের ওপর এই হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় ব্যবসায়ী দিলীপ কর্মকার বাদী হয়ে চাঁদাবাজির মামলা দায়েরের পর বৃহস্পতিবার বিকেলে রুবেলকে গ্রেপ্তার করা হয়। রুবেল উপজেলা ছাত্রলীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক বলে জানা গেছে।
স্থানীয় লোকজন, ব্যবসায়ী ও থানা পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, রুবেল বৃহস্পতিবার সকাল নয়টায় গৈলা বাজারে একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় স্বর্ণ ব্যবসায়ী সুভাষ কর্মকার, বাপ্পী কর্মকার ও দিলীপ কর্মকার ওই চায়ের দোকানে যান। সুভাষ জানান, তাঁদের দেখেই রুবেল তাঁদের উদ্দেশ্য করে ‘ভারতের দালাল’ বলে সাম্প্রদায়িক উসকানিমূলক কথাবার্তা বলতে থাকেন। তিনি এর প্রতিবাদ করলে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে বেলা ১১টায় রুবেল তাঁর পাঁচ-ছয়জন সহযোগী নিয়ে সুভাষের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালান। এ সময় দোকান বন্ধ করে দিয়ে তাঁকে পিটিয়ে জখম করা হয়। তাঁকে রক্ষা করতে ব্যবসায়ী বাপ্পী ও দিলীপ এগিয়ে গেলে তাঁদের ওপরও হামলা চালানো হয়। পরে বাজারের অন্য ব্যবসায়ীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
রুবেল হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়েছে। তবে কোনো হামলার ঘটনা ঘটেনি।