ভারতের সহকারী হাইকমিশনার সন্দীপ মিত্র বলেছেন, ব্যবসাসংক্রান্ত ভারতীয় ভিসাপ্রক্রিয়া সহজ করা হয়েছে। ভারত সফরের জন্য বাংলাদেশের ব্যবসায়ীরা এখন ক্ষেত্রবিশেষে ছয় মাস থেকে এক বছরের ও পাঁচ বছরের ভিসা সুবিধা পাচ্ছেন।
সন্দীপ মিত্র গতকাল বুধবার চাঁপাইনবাবগঞ্জ শিল্প ও বণিক সমিতি আয়োজিত ‘বাণিজ্য সম্পর্ক উন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভায় এ কথা বলেন।
চাঁপাইনবাবগঞ্জ চেম্বার মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা চেম্বারের সভাপতি ও এফবিসিসিআইয়ের পরিচালক মো. আবদুল ওয়াহেদ।
বাংলাদেশকে একটি ভালো প্রতিবেশী দেশ হিসেবে উল্লেখ করে সন্দীপ মিত্র বলেন, ভারত তার নিকটতম প্রতিবেশী এই দেশটির সঙ্গে কূটনৈতিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক খাতে সুসম্পর্ক বজায় রেখে চলেছে।