ব্যবসায়ীকে পিটিয়ে দেড় লাখ টাকা ছিনতাই

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সুজন আহম্মেদ নামের এক ব্যাবসায়ীকে পিটিয়ে তাঁর দেড় লাখ টাকা নিয়ে গেছে একদল ছিনতাইকারী। গতকাল শুক্রবার ভোরে মধ্যপাড়া ইউনিয়নের দুর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে।এ সময় ছিনতাইকারীরা সুজন আহম্মেদের মোটরসাইকেলও ভাঙচুর করে। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যাপারে সুজন আহম্মেদ কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক অভিযোগ দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।