পটুয়াখালীর বাউফল উপজেলায় মো. ইমদাদ উল্লাহ্ খান নামের এক চিকিৎসকের বিরুদ্ধে রোগীদের ব্যবস্থাপত্রে নিবন্ধনহীন ওষুধের নাম লেখার অভিযোগ পাওয়া গেছে।
মো. ইমদাদ উল্লাহ্ খান বরিশাল জেনারেল হাসপাতালের কনসালট্যান্ট (চর্ম ও যৌন) হিসেবে কর্মরত আছেন। তিনি প্রতি শুক্রবার বাউফল উপজেলা সদরের একটি প্রাইভেট ক্লিনিক ও কালাইয়া ইউনিয়নের কর্পূরকাঠি গ্রামের বগী বাজারের একটি ফার্মেসিতে রোগী দেখেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বাউফল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা জানান, অ্যালার্জিজনিত সমস্যার কারণে সম্প্রতি তিনি ইমদাদ উল্লাহ্র কাছে যান। তিনি ব্যবস্থাপত্রে অন্য ওষুধের সঙ্গে মাই-এস নামের একটি ওষুধের নাম লেখেন। ওষুধটির প্যাকেটে উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে আশরাফুল ল্যাবরেটরিজের নাম রয়েছে, যার ম্যানুফ্যাকচারিং লাইসেন্স নম্বর লেখা রয়েছে ট-০৮৪ এবং ড্রাগ নিবন্ধন নম্বর লেখা রয়েছে ট-১১০-অ-০০৬।
এ ছাড়া উপজেলার বিভিন্ন এলাকার আরও কয়েকজন রোগী অভিযোগ করেন, ওষুধ খেয়ে যাচ্ছেন, কিন্তু কোনো ফল পাচ্ছেন না।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের ওয়েবসাইটে আশরাফুল ল্যাবরেটরিজের নামে যে ৩২টি ওষুধের নিবন্ধন রয়েছে, সেখানে মাই-এসের নাম নেই। এমনকি ইউনানি ওষুধ হিসেবে নিবন্ধন নেওয়া ৫ হাজার ২০৬টি ওষুধের তালিকায়ও নেই ওই ওষুধের নাম।
জানতে চাইলে ১৩ অক্টোবর এমদাদ উল্লাহ্ খান মুঠোফোনে বলেন, ‘এই ওষুধের নিবন্ধন নেই, এ কথা ঠিক নয়। শুধু আমি লিখি তা নয়, প্রফেসর লেভেলের যাঁরা আছেন, তাঁরাও এই ওষুধ লেখেন।’