ব্যাংক কর্মকর্তাকে হত্যার দায়ে একজনের ফাঁসি

ব্র্যাক ব্যাংক ঢাকার গুলশান শাখার তৎকালীন কর্মকর্তা টি এম মেহেদি মাসুদ হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া আরও একজনকে যাবজ্জীবন ও দুজনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। গতকাল সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক আবদুর রহমান সরদার এ রায় ঘোষণা করেন।
আদালত আসামি আবদুল মজিদ ওরফে ডালিমকে মৃত্যুদণ্ড এবং জাহাঙ্গীর আলমকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। এ ছাড়া আদালত তাঁদের দুজনকে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়। অপর দুই আসামি ঈদুল ও ফারুক হোসেনকে পাঁচ বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন। ফারুক বর্তমানে পলাতক। বাকিরা কারাগারে আটক।
গতকাল রায় ঘোষণার আগে তিন আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।