রাজশাহীর দুর্গাপুরের মাড়িয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ব্যালট পেপারের মুড়ির বস্তা ছিনতাইকে কেন্দ্র করে বৃহস্পতিবার আওয়ামী লীগ-সমর্থক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচ পুলিশসহ ৩০ জন আহত হয়েছেন। পুলিশ জানায়, ভোট গ্রহণ শেষে ফল ঘোষণা করা হলে আওয়ামী লীগ-সমর্থিত ইউপি সদস্য পদপ্রার্থী জাহাঙ্গীর আলম সম্রাট পরাজিত হন। এতে ক্ষিপ্ত হয়ে তাঁর দুই-তিন শ সমর্থক ব্যালট পেপারের মুড়ির বস্তা ছিনতাইয়ের জন্য পুলিশের ওপর হামলা চালায়। এতে পুলিশ সদস্য সুবেদার সুলতানুল রেজা, পুলিশ সদস্য প্রিন্স, শাহাদত হোসেন, হুমায়ুন ও ফারুক এবং আওয়ামী লীগের অন্তত ২৫ জন সমর্থক আহত হন।