ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। ওই তিনজন হলেন উপজেলার চরশিবপুর গ্রামের সফিকুল ইসলাম, ইছাপুর গ্রামের সামছুল ইসলাম ও কানাইনগর গ্রামের কবির হোসেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, দুপুর ১২টার দিকে সফিকুল ও সামছুল নিজ নিজ জমির ধান কাটার কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। এ সময় সামছুলের ছেলে জনু আহত হন। পরে তাঁকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান স্বজনেরা। আর কানাইনগর গ্রামের কবির নদী থেকে গোসল করে বাড়ি ফিরছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার দেব ওই তিনজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।