চট্টগ্রাম নগরের খাজা রোডের বাদামতলা এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মোহাম্মদ সাকিব (১৫) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আইয়ুব উদ্দিন প্রথম আলোকে জানান, সিটি হোম প্রপার্টিজ লিমিটেড নামের একটি আবাসন প্রতিষ্ঠান বাদামতলা এলাকায় একটি ভবন নির্মাণ করছে। এ ভবনের চতুর্থ তলায় কাজ করার সময় সাকিব নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে চান্দগাঁও থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান এসআই আইয়ুব উদ্দিন। নিহত সাকিব চট্টগ্রাম নগরের নাজিরপাড়া এলাকার মঞ্জুরুল আলমের ছেলে।