আমন্ত্রিত অতিথি হয়ে বাংলাদেশের ১০০ সদস্যের একটি যুব প্রতিনিধিদল আজ রোববার ভারত সফরে যাচ্ছেন। সফরকালে তাঁরা ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে দেখা করবেন।
প্রতিনিধিদলটি আট দিনের সফরকালে দিল্লি, আগ্রা, জয়পুর ও কলকাতায় গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করার পাশাপাশি দর্শনীয় স্থান ঘুরে দেখবেন। গতকাল শনিবার ভারতীয় হাইকমিশন আয়োজিত অনুষ্ঠানে এ কথা জানানো হয়।
যুব প্রতিনিধিদের শুভেচ্ছা জানাতে রাজধানীর গুলশানে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ সরন বলেন, যুব প্রতিনিধিদলে সমসংখ্যক ছেলে ও মেয়ে রয়েছেন, যা বাংলাদেশের প্রকৃত চিত্রকে তুলে ধরে। এই যুবরা ও তাঁদের প্রজন্মই ভবিষ্যৎ বাংলাদেশ। এই প্রতিনিধিদলের সফর দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক সুসম্পর্ক তৈরিতে সহায়তা করবে।
ভারত সরকার ২০১২ সাল থেকে আমন্ত্রণ জানিয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন নেতার সঙ্গে সাক্ষাৎ ও দর্শনীয় স্থানগুলো দেখার সুযোগ দিচ্ছে।