ভাষাশহীদ আবদুল জব্বারের পৈতৃক ভিটা উদ্ধারে সরকারের সহায়তা কামনা করেছেন তাঁর ছেলে মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম ওরফে বাদল। গতকাল মঙ্গলবার ময়মনসিংহের গফরগাঁও প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এ সহযোগিতা চান।সংবাদ সম্মেলন নূরুল ইসলাম অভিযোগ করেন, গফরগাঁওয়ের জব্বারনগরে আবদুল জব্বারের পৈতৃক ৪৪ শতাংশ জমি দীর্ঘদিন ধরে দখল করে রেখেছেন প্রতিবেশী এ এইচ এন আসাদ ওরফে নয়ন।দখল হয়ে যাওয়া ভিটা উদ্ধারে প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করেন নূরুল ইসলাম। জমি উদ্ধার করে সেখানে ভাষাশহীদের স্মৃতি রক্ষার্থে একটি কারিগরি কলেজ ও বিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান তিনি।নূরুল ইসলাম বলেন, ‘ভাষা আন্দোলনে আমার বাবার আত্মত্যাগ বাঙালির জাতীয় চেতনা ও দেশাত্মবোধ জাগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বাবার এই মহান আত্মত্যাগের প্রতি যথাযথ সম্মান দেখানোর জন্য তাঁর পৈতৃক ভিটা উদ্ধার হওয়া প্রয়োজন।’ তবে ভাষাসৈনিক শহীদ আবদুল জব্বার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এইচ এন আসাদ তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘ওই জমি আমার পৈতৃক সম্পত্তি।’