কিশোরগঞ্জের মিঠামইনে ভুল ওষুধ খেয়ে দুই ব্যক্তি মৃত্যুর অভিযোগ উঠেছে। তাঁরা ‘যৌন উত্তেজক’ ওষুধের বদলে শ্বাসকষ্টের ওষুধ খেয়েছেন বলে চিকিৎসকেরা প্রাথমিকভাবে জানতে পেরেছেন। মঙ্গলবার সদর বাজারে এই ঘটনা ঘটে।
তাঁরা হলেন শুক্কুর মাহমুদ (৪৫) ও জাহাঙ্গীর আলম (৪০)। তাঁদের দুজনের বাড়িই উপজেলার কামালপুর গ্রামে।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রাব্বানী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই দুজন মঙ্গলবার বেলা দুইটার দিকে একটি দোকান থেকে হোমিও ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। এরপর প্রথমে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় সন্ধ্যা সাতটায় তাঁদের জেলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিভিল সার্জন মো. হাবিবুর রহমান জানিয়েছেন, তিনি মিঠামইন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে কথা বলে জেনেছেন, নিহত দুজন প্রায়ই ওই হোমিও ফার্মেসিতে গিয়ে যৌন উত্তেজক ওষুধ খেতেন। মঙ্গলবার ফার্মেসির মালিক নাশতা খাওয়ার জন্য বাইরে গেলে তাঁরা নিজেরাই আলমারি থেকে একটি বোতল নিয়ে ভুলক্রমে শ্বাসকষ্টের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েন।
সিভিল সার্জন জানান, তবে ঘটনার প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেতে হবে। বুধবার সকালে মরদেহের ময়নাতদন্ত হবে।
এদিকে খবর পেয়ে রাত আটটার দিকে শুক্কুর ও জাহাঙ্গীরের মরদেহ দেখতে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে যান স্থানীয় সাংসদ রেজওয়ান আহাম্মদ তৌফিক। এ সময় হাসপাতালে নিহত ব্যক্তিদের স্বজনেরা ভিড় জমান। অনেককে আহাজারি করতে দেখা যায়।