জাতীয় সংসদের গত অধিবেশনে পাস হওয়া ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ আইনে থাকা ভুল সংশোধনে গতকাল মঙ্গলবার সংসদে নতুন করে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (সংশোধন) বিল-২০১২ উত্থাপন করা হয়েছে।যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বিলটি উত্থাপন করেন। পরে ১০ দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য বিলটি যোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে মন্ত্রী বলেন, ঢাকা মহানগরের পরিবহনব্যবস্থাকে সুষ্ঠু, পরিকল্পিত, সমন্বিত ও আধুনিকীকরণের লক্ষ্যে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর ও নরসিংদী জেলাকে অন্তর্ভুক্ত করে ঢাকা যানবাহন সমন্বয় বোর্ড আইন-২০০১ রহিত করে গত ৮ ফেব্রুয়ারি ‘ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ আইন-২০১২’ সংসদে পাস হয়। কিন্তু বিলে ভুলবশত রহিতকরণ ও হেফাজত-সম্পর্কিত দুটি দফা বাদ পড়ে যায়।