সিলেটে জেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণ ভোট গ্রহণে পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. মনিরুজ্জামান। গতকাল মঙ্গলবার জেলা পুলিশ লাইনসে শহীদ এসপি এম শামসুল হক মিলনায়তনে নির্বাচন-সংক্রান্ত বিশেষ সভায় তিনি এ কথা বলেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে পুলিশের সব সদস্যকে তিনি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন ও যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) সুজ্ঞান চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার আ ক ম আকতারুজ্জামান বসুনিয়া ও আবুল হাসনাত খান, মো. মোস্তাক সরকার ও কবীর আহম্মেদ বক্তব্য দেন। এ ছাড়া সিলেট জেলার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) উপস্থিত ছিলেন।