
প্রবল বৃষ্টি ও বাঁধ ভেঙে ভোলার বিভিন্ন উপজেলায় জোয়ারের পানি ঢুকেছে। এতে ছয়টি উপজেলায় ১৭২ (৭০ হেক্টর) একর জমির পানের বরজ নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত দুই হাজার চাষি।
জেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, ভোলা সদর উপজেলায় সবচেয়ে বেশি ৫৩ হেক্টর জমির পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া দৌলতখান ও বোরহানউদ্দিনে ২ হেক্টর করে, লালমোহনে ১, চরফ্যাশনে ৭ ও তজুমদ্দিনে ৫ হেক্টর জমির পান নষ্ট হয়ে গেছে।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, সদর উপজেলার রাজাপুর, পূর্ব-ইলিশা, পশ্চিম ইলিশা ও পার্শ্ববর্তী আলিমাবাদ ইউনিয়নে পানের বরজে কোমর সমান পানি। পানপাতা হলুদ হয়ে ঝরে পড়েছে। বীজলতা পচে গেছে।
রাজাপুর ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামের জাহের মাঝি (৪৭) বলেন, গত মাসের শেষের দিকে বরজে জোয়ারের পানি ঢুকে পড়েছিল। এরপর আর পানি নামেনি। প্রায় ১০ লাখ টাকার বরজ নষ্ট হয়ে গেছে। মেঘনা নদীর ভাঙন কাছে চলে এসেছে। কয়েক মাসের মধ্যে এ জমি বিলীন হয়ে যাবে। এ গ্রামের আরেক চাষি আবু তাহের বলেন, দুই বছর ধরে মেঘনা ভাঙছে। কিন্তু পানি উন্নয়ন বোর্ড (পাউবো) তা প্রতিরোধ করতে পারছে না। গত মে মাসে রোয়ানুর আঘাতে পানি ঢুকেছে রাজাপুর ও পূর্ব-ইলিশা ইউনিয়নে। পরে তা অন্য ইউনিয়নেও ছড়িয়ে পড়ে। এখন ভাঙা বাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে বরজ নষ্ট হচ্ছে।
পূর্ব ইলিশা ইউনিয়নের চাষি ফজলুর রহমান বলেন, বরজের সব পান নষ্ট হয়ে গেছে। বীজলতাও পচে গেছে। নতুন লতা বুনতে হবে। কিন্তু লতা পাওয়া যাচ্ছে না। বাইরে থেকে এখন বীজলতা চড়া দামে কিনতে হবে।
সদর উপজেলার কৃষি কর্মকর্তা মুহাম্মদ রিয়াজ উদ্দিন বলেন, এ বছর দুই দফায় পানের বরজের ক্ষতি হয়েছে—প্রথম দফা ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে, পরে বৃষ্টি ও জোয়ারের পানি ঢুকে। ৫৩ হেক্টর জমির পানের বরজের ক্ষতি হয়েছে।
দৌলতখানের চরপাতা ইউনিয়নের লেজপাতা গ্রামের প্রভাত হাওলাদার বলেন, ‘টানা বৃষ্টিতে বরজে পানি জমে রয়েছে।
ফলে অর্ধেকের বেশি লতা পচে গেছে।’
স্থানীয় পানচাষিরা অভিযোগ করেন, পানি উন্নয়ন বোর্ডের অবহেলায় কৃষকেরা আজ পথের ফকির। নদীর পানি আটকাতে না পারলে পান চাষ ছেড়ে দেওয়া ছাড়া উপায় থাকবে না। একই অভিযোগ করেন তজুমদ্দিন উপজেলার পানচাষিরা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক প্রশান্ত কুমার সাহা বলেন, ‘ভোলা কৃষি সমৃদ্ধ জেলা। কৃষি কার্যক্রম বাঁচিয়ে রাখতে নদীশাসন ও ভাঙন প্রতিরোধ করতে হবে। কৃষিবিমা জরুরি। অন্যথায় জেলার কৃষক বাঁচবে না।’
পাউবোর প্রকৌশলী বাবুল আক্তার বলেন, বরাদ্দ না পাওয়ায় মেঘনার ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব
হচ্ছে না।