ভোজ্যতেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ

ভোজ্যতেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
ছবি: সংগৃহীত

ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য হ্রাসের পাশাপাশি বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় নিয়ে সরকারকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন ছাত্রসংগঠনটির নেতারা।

আজ সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিন থেকে ছাত্রদলের বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এর নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক আকতার হোসেন ও সদস্যসচিব আমানউল্লাহ আমান।

ছাত্রদলের মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে টিএসসি এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন আকতার হোসেন ও আমানউল্লাহ আমান।

আকতার হোসেন বলেন, বর্তমান সরকার অবৈধ, অগণতান্ত্রিক ও জনগণের পকেট কাটা সরকার। বিনা ভোটের এই সরকারের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। তারা সিন্ডিকেট করে একের পর এক পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি করে জনগণের পকেট কাটছে। এই সরকার টিকে আছে জুলুম করে। অবিলম্বে ভোজ্যতেলের মূল্য হ্রাস করা না হলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

আমানউল্লাহ আমান বলেন, বর্তমান ভোটারবিহীন সরকারের সিন্ডিকেটের দৌরাত্ম্যের কারণেই ভোজ্যতেলের দাম পরিকল্পিতভাবে বাড়ানো হয়েছে।

কর্মসূচিতে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা নাছিরউদ্দীন, মোস্তাফিজুর রহমান, এইচ এম আবু জাফর, শাফি ইসলাম, আনিসুর রহমান খন্দকার, শরীফ প্রধান, নূর আলম ভূঁইয়াসহ প্রায় দেড় শ নেতা-কর্মী অংশ নেন।