সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতারা। গত মঙ্গলবার রাত আটটায় নগরের জেলরোড এলাকায় সিলেট চেম্বার ভবনের সম্মেলনকক্ষে ওই সভা হয়। এতে সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের সভাপতি সালাহ্ উদ্দিন আলী আহমদ। সভায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, সমাজের দুস্থ, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে মন্ত্রণালয় বেশ কয়েকটি প্রকল্প হাতে নিয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে সমাজের সর্বস্তরের মানুষের সহায়তা প্রয়োজন। তিনি ব্যবসায়ীদের এ ক্ষেত্রে ভূমিকা রাখার আহ্বান জানান।