মহানবীকে (সা.) নিয়ে বিজেপি নেতার মন্তব্যের প্রতিবাদ ঢাবিতে

মহানবী (সা.)–কে নিয়ে বিজেপি নেতার মন্তব্যের প্রতিবাদে সমাবেশ। ৮ জুন, রাজু ভাস্কর্য, ঢাকা বিশ্ববিদ্যালয়
ছবি: প্রথম আলো

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মার অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে আয়োজিত সমাবেশে ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীরাও অংশ নেন।

সমাবেশে ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসাইন বলেন, ভারতে বিভিন্ন সময়ে মুসলমানদের নির্যাতন করা হয়। এনআরসির নামে মুসলমানদের নাগরিকত্বহীন ও রাষ্ট্রহীন করে দেওয়ার চক্রান্ত করছে বিজেপি সরকার। এরই অংশ ছিল রাসুল (সা.)-এর অবমাননা। বিভিন্ন সময়ে বলা হয়, ভারতের মুসলমানরা বাংলাদেশ থেকে সেখানে গিয়ে আশ্রয় নিয়ে ভারত দখল করে নিচ্ছেন। এই বিদ্বেষ শুধু মুসলিমবিদ্বেষ নয়, এটি বাংলাদেশ বিদ্বেষেরই একটি অংশ। এখন থেকে বাংলাদেশ সরকার এ বিষয়ে যদি শক্ত পদক্ষেপ না নিতে পারে, তাহলে আগামী দিনে রোহিঙ্গা–সংকটের মতো আরেকটি সংকট দেখতে হতে পারে।

আকরাম হোসাইন বলেন, বর্তমানে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশ রাষ্ট্রীয়ভাবে রাসুল (সা.)-কে অবমাননার প্রতিবাদ জানাচ্ছে। বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ, রাসুল (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের বিষয়ে ভারত সরকারের কাছে দ্রুত প্রতিবাদলিপি পেশ করা হোক।

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র আনাস ইবনে মুনীরের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্রী মোসাদ্দেকা আফরিন, ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র মো. মাসুদ প্রমুখ বক্তব্য দেন।