চট্টগ্রামের ফটিকছড়িতে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারীর ১০৭তম বার্ষিক ওরসে গতকাল বুধবার লাখো ভক্তের পদচারণায় মুখরিত হয় মাইজভান্ডার দরবার শরিফ। বিভিন্ন ধর্ম-বর্ণের লোকজনের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকা থেকে বাউলসাধক ও মরমি শিল্পীরাও ওরসে উপস্থিত হন। ওরস আয়োজনকে সফল করতে মাইজভান্ডার দরবার কর্তৃপক্ষ, উপজেলা প্রশাসন, চট্টগ্রাম সিটি করপোরেশন, প্রকৌশল অধিদপ্তর ও পুলিশ প্রশাসন কাজ করে। এ ছাড়া, স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবকেরা নিয়োজিত ছিলেন। ফটিকছড়ি থানার ওসি আতাউর রহমান ভূঁইয়া বলেন, আইনশৃঙ্খলা রক্ষার লক্ষ্যে পুলিশের পাশাপাশি সাদা পোশাকধারী পুলিশও রয়েছে। এ ছাড়া, অন্তত দুই হাজার স্বেচ্ছাসেবক শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছেন।