মাওয়ায় বাসচাপায় যুবক নিহত

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়াঘাটে গত রোববার রাতে বাসের চাপায় সোহেল শেখ (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন এক রিকশাচালকসহ দুজন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ঢাকা-মাওয়া মহাসড়ক তিন ঘণ্টা অবরোধ করে। ভাঙচুর করে আট-দশটি যানবাহন। একটি বাসে অগ্নিসংযোগ করে। সোহেল লৌহজংয়ের মেদেনীমণ্ডল গ্রামের মজিবুর রহমান শেখের ছেলে। তাঁর বড় ভাই মুক্তার হোসেন মেদেনীমণ্ডল ইউনিয়ন যুবলীগের সহসভাপতি।প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আটটার দিকে সোহেল ও আরেকজন রিকশায় করে মেদেনীমণ্ডল থেকে মাওয়াঘাটের দিকে যাচ্ছিলেন। এ সময় মাওয়াঘাটগামী ইলিশ পরিবহনের একটি বাস পেছন থেকে রিকশাটিকে চাপা দেয়।