মাগুরা সদর উপজেলার বুরুক শ্রীকুণ্ডী গোয়ালবাড়ি গ্রামে গতকাল রোববার গ্রামবাসীর দুই পক্ষের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় অন্তত ১৬টি বাড়ি ভাঙচুর ও লুটপাট হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের ওসমান মণ্ডল ও ইউপি সদস্য ওহিদ মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গতকাল সকালে ওসমানের সমর্থকেরা ওহিদ মোল্লার বাড়িসহ তাঁর সমর্থকদের ১৫টি বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালান। পরে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ওসমান মণ্ডলের সমর্থক হারুন মাস্টারের বাড়ি ভাঙচুর ও লুটপাট করেন প্রতিপক্ষরা।