জমির আগাছা পুড়িয়ে পরিষ্কার করতে গিয়ে পাশের একটি খেতের গম পুড়ে যাওয়ার জের ধরে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ১০ জন আহত এবং অন্তত পাঁচটি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সকালে মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই গ্রামের বিএনপি-সমর্থক সামছেল মীর তাঁর জমির আগাছা পুড়িয়ে পরিষ্কার করতে গত মঙ্গলবার দুপুরে খেতে আগুন দেন। এ সময় আগুনে পাশের আওয়ামী লীগ-সমর্থক সাব্বির মীরের গমখেত আংশিক পুড়ে যায়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও একপর্যায়ে সংঘর্ষ বাধে।
গতকাল বুধবার সকাল নয়টার দিকে ওই বিরোধ নিয়ে দুই পক্ষের সমর্থকেরা আবারও সংঘর্ষে লিপ্ত হন। এতে উভয় পক্ষের অন্তত ১০-১২ জন আহত হন। এ ছাড়া অন্তত পাঁচটি বাড়িতে ভাঙচুর ও লুটপাট করা হয়।