
নরসিংদীর পলাশে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের সময় চাপাতির কোপে তিনজন আহত হয়েছেন। পলাশের জিনারদী ইউনিয়নের কুড়াইতলী গ্রামে শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন আকরাম হোসেন (৩৫), কাশেম মিয়া (৩২) ও মনির হোসেন (৪০)। আহত ব্যক্তিদের মধ্যে আকরামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুজনকে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র অনুযায়ী, কুড়াইতলী বাজারের পাশে একটি পুকুরে আকরাম হোসেন, জুটন দত্ত, কাশেম মিয়া ও তারা মিয়া মিলে মাছ চাষ করতেন। আকরাম ও কাশেমকে না জানিয়ে পুকুর থেকে মাছ ধরে বিক্রি করেন তারা মিয়া ও জুটন দত্ত। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় চাপাতির কোপে তিনজন আহত হন।
পলাশ থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, এ ঘটনায় জিনারদী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. তারা মিয়া ও নরসিংদী জজকোর্টের অ্যাডভোকেট জুটন দত্তকে আটক করেছে পুলিশ।