
মাতারবাড়ী দুটি কয়লাবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন শুরু হলে বায়ুদূষণের কারণে আশপাশের এলাকার ৬ হাজার ৭০০ জন বাসিন্দা অকালমৃত্যু হবে। বিদ্যুৎকেন্দ্রের মেয়াদকালে অর্থাৎ প্রায় ৩০ বছরের মধ্যে এ মৃত্যু ঘটবে। এর বাইরে লোকজন হৃদ্রোগ, শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হবেন। এই প্রকল্পের কারণে ইতিমধ্যে স্থানীয় জলপথের ক্ষতি হয়েছে। প্রকল্প নির্মাণকাজের জন্য জনগণ বাস্তুচ্যুত হয়েছে ও জীবিকা হারিয়েছে।
‘চট্টগ্রাম অঞ্চলে জ্বালানি পরিকল্পনা: সম্ভাব্য কার্বন বিপর্যয়’ শীর্ষক একটি গবেষণার ফলাফলে এসব তথ্য উঠে এসেছে। গবেষণাটি পরিচালনা করে অস্ট্রেলিয়ার পরিবেশবিষয়ক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান মার্কেট ফোর্সেস। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সঙ্গে যৌথভাবে ফলাফল প্রকাশ করে মার্কেট ফোর্সেস। গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন মার্কেট ফোর্সেসের নির্বাহী পরিচালক জুলিয়ান ভিনসেন্ট।
প্রকল্পের নির্মাণ এবং অর্থায়ন মূলত জাপান ও যুক্তরাষ্ট্রের কিছু কোম্পানির মাধ্যমে হচ্ছে।
চট্টগ্রাম বিভাগ বিশ্বের অন্যতম বৃহৎ কার্বন ডাই–অক্সাইড নিঃসরণক্ষেত্র হওয়ার ঝুঁকিতে রয়েছে বলে এক গবেষণা প্রতিবেদনে আশঙ্কা করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রামে প্রস্তাবিত জীবাশ্ম জ্বালানিভিত্তিক ২১টি বিদ্যুৎকেন্দ্র চালু হলে এর পুরো মেয়াদকালে বায়ুমণ্ডলে ১৩৮ কোটি টনের মতো কার্বন ডাই-অক্সাইড যোগ হবে।
ঠিক একই পরিমাণ কার্বন ডাই-অক্সাইড সারা দেশ থেকে নিঃসরিত হয় পাঁচ বছরে।
গবেষণা প্রতিবেদন অনুসারে, বিদ্যুৎ উৎপাদনে বিশ্বের উন্নত দেশগুলো যেখানে নবায়নযোগ্য শক্তির দিকে ঝুঁকছে, বাংলাদেশ সেখানে কয়লা ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রতি নির্ভরশীল হচ্ছে। জীবাশ্ম জ্বালানিনির্ভর বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশের অবস্থান ওপরের দিকে। দেশে প্রস্তাবিত জীবাশ্ম জ্বালানি প্রকল্পের প্রায় দুই-তৃতীয়াংশ চট্টগ্রাম বিভাগে। প্রকল্পগুলো পুরোপুরি বাস্তবায়িত হলে চট্টগ্রাম হবে পৃথিবীর সর্বোচ্চ কার্বন নিঃসরণ অঞ্চলগুলোর একটি।
গবেষণা প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে উপস্থিত বাপার সাধারণ সম্পাদক শরীফ জামিল প্রথম আলোকে বলেন, পৃথিবীর যেকোনো স্থানে বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের আশপাশে শিল্পায়ন হয়। এর অর্থ বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র হচ্ছে একেকটি কার্বন নিঃসরণের হাব। চট্টগ্রামও এমনই একটি হাব। পৃথিবীর বৃহত্তর যত বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের হাব আছে, এর মধ্যে চট্টগ্রাম অঞ্চল হবে কার্বন নির্গমনে অন্যতম।
১ হাজার ২০০ মেগাওয়াটের মাতারবাড়ী দ্বিতীয় কয়লাবিদ্যুৎকেন্দ্র সবচেয়ে ধ্বংসাত্মক পরিকল্পনাগুলোর একটি বলেও উদ্বেগ প্রকাশ করা হয় গবেষণা প্রতিবেদনে। ২০২১ সালে অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশগুলোর জোট জি-৭–এর সম্মেলনে কয়লাবিদ্যুৎ প্রকল্পে আন্তর্জাতিক অর্থায়ন বন্ধের জন্য যে প্রতিশ্রুতি করা হয়েছিল, মাতারবাড়ী দ্বিতীয় প্রকল্পে জাপানের অর্থায়ন সে প্রতিশ্রুতির বিরোধী।
বাংলাদেশ ২০৫০ সালের মধ্যে বিশ্বব্যাপী কার্বন নির্গমন শূন্যে (নেট জিরো) নামিয়ে আনতে চাইলে জীবাশ্ম জ্বালানি বন্ধের ওপর জোর দেওয়া হয় গবেষণায়। জীবাশ্ম জ্বালানিভিত্তিক বিদ্যুৎ প্রকল্পগুলোর কারণে বাংলাদেশের জনগণ আর্থিক ক্ষতির সম্মুখীন হবে। এ ক্ষতির দায়ভার উৎপাদনকারী বিদেশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর বহন করা উচিত।
প্রতিবেদনে বলা হয়, সূর্য ও বাতাস ব্যবহার করে নবায়নযোগ্য শক্তির উৎস তৈরির ব্যাপক সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। এসব উৎসের জন্য ব্যয়বহুল ও প্রাকৃতিকভাবে ধ্বংসাত্মক জ্বালানি আমদানির দরকার হবে না। জাপান ও যুক্তরাষ্ট্রের মতো ধনী দেশের উচিত বাংলাদেশকে পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে নবায়নযোগ্য শক্তি উৎপাদনে সহায়তা করা।
জুলিয়ান ভিনসেন্ট বলেন, বাংলাদেশে বিদ্যুৎ উৎপানকারী বিদেশি কোম্পানিগুলো নবায়নযোগ্য শুদ্ধ জ্বালানির (ক্লিন এনার্জি) প্রস্তাব করতে পারত। কিন্তু যত বেশি সম্ভব, তত বেশি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা তাদের ব্যবসায়িক স্বার্থের মধ্যে পড়ে। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ এসব কোম্পানিকে তা করতে দেবে কি না। নবায়নযোগ্য শক্তির ওপর যেসব কোম্পানি জোর দিচ্ছে, প্রকল্প হাতে নেওয়ার আগে তাদের সঙ্গেও আলোচনা করা যেত।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাপার ধারণ সম্পাদক শরীফ জামিল। তিনি বলেন, যেসব দেশের কোম্পানিগুলো বাংলাদেশে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করছে, তারা নিজেদের দেশে বিদ্যুৎ উৎপাদনে নীতি ও প্রযুক্তিতে পরিবর্তন এনেছে।
সেসব দেশ যেহেতু নবায়নযোগ্য জ্বালানির দিকে যাচ্ছে, বাংলাদেশ কেন পুরোনো প্রযুক্তির ক্ষতিকর কয়লাবিদ্যুৎকেন্দ্রের দিকে যাবে। ঢাকার মতো শহরগুলোর প্রতিটি বাড়িকে একেকটি শক্তি উৎপাদনকেন্দ্রতে পরিণত করতে হবে। ছাদে নবায়নযোগ্য শক্তি উৎপাদনের ব্যবস্থা করা যেতে পারে।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা বিভাগের প্রধান খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, কার্বন নিঃসরণে জাতিসংঘের কাছে দেওয়া জাতীয় অঙ্গীকারনামায় যে পরিমাণ কার্বন কমানোর প্রতিজ্ঞা বাংলাদেশ করেছে, বর্তমান অবস্থা চলতে থাকলে তা অর্জন সম্ভব নয়। বিদ্যুৎকেন্দ্রগুলোর বর্তমান ধারণক্ষমতার প্রায় অর্ধেক ব্যবহার করা হচ্ছে না। কাজেই নবায়নযোগ্য শক্তির দিকে ঝোঁকার সিদ্ধান্ত নেওয়ার এখনই সময়। এ ক্ষেত্রে অভ্যন্তরীণ উৎপাদনের ওপর নির্ভরশীল হতে হবে।
খন্দকার গোলাম মোয়াজ্জেম আরও বলেন, সরকার একদিকে বলছে বাংলাদেশ ক্লাইমেট ভালনারেবল ফোরামের সদস্য। অন্যদিকে দেশে কার্বন নিঃসরণের উৎস বাড়ছে। এটা একধরনের স্ববিরোধী অবস্থান। কপ ২৬-এ সরকার ঘোষণা করেছে, ২০৪১ সালের মধ্যে ৪০ শতাংশ নবানযোগ্য শক্তির দিকে বাংলাদেশকে নেওয়া হবে। মাত্র ১৬ বছরে ৩ থেকে ৪০ শতাংশে পৌঁছাতে গেলে ব্যাপক উদ্যোগ নিতে হবে। এ উদ্যোগ কি নেওয়া হচ্ছে?
জাপানের বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান জাপান সেন্টার ফর আ সাসটেইনেবল এনভায়রনমেন্ট অ্যান্ড সোসাইটির (জকেসাস) প্রোগ্রাম কো–অর্ডিনেটর ইউকি তানবে বলেন, জাপানি কোম্পানিগুলো প্রযুক্তিতে এখনো থার্মাল (তাপ) ভিত্তিক। ব্যবসায়িক স্বার্থে কোম্পানিগুলো এখন তাপভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ধরে রেখেছে।
বাপার যুগ্ম সম্পাদক ও ব্রতীর প্রধান নির্বাহী শারমীন মুরশিদ বলেন, সরকার কী চায়, সেটাই এখন বড় প্রশ্ন। তারা পরিবেশের ধ্বংস চায়, ধ্বংসই হচ্ছে। জীবাশ্ম জ্বালানিভিত্তিক বিদ্যুতের জন্য ভর্তুকির কোনো দরকার নেই।