‘মাদক একটি অভিশাপ, যার পরিণাম অবধারিত মৃত্যু’ স্লোগান নিয়ে ঠাকুরগাঁও শহরে গতকাল শনিবার মাদকবিরোধী মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ছয়টি স্থানে মাদকবিরোধী সমাবেশ ও প্রচারণাপত্র বিলি করে। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-৪ মহাস্থান ব্যাটালিয়ন এ শোভাযাত্রার আয়োজন করে। বিএনসিসি-৪ ব্যাটালিয়নের ১০ দিনব্যাপী বার্ষিক প্রশিক্ষণ অনুশীলন (এটিই) ঠাকুরগাঁও সরকারি কলেজে ২০ সেপ্টেম্বর শুরু হয়। গতকাল প্রশিক্ষণে ‘মাদকের কুফল ও সচেতনতা’ বিষয়ে আলোচনা শেষে গণসচেতনতা সৃষ্টির জন্য শোভাযাত্রাটি বের করা হয়।