মাদক ব্যবসার অভিযোগ স্বীকার করায় ময়মনসিংহের নান্দাইল পৌরসভার চারকান্দা মহল্লার আবদুস সাত্তারকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার পুলিশ তাঁকে কারাগারে পাঠিয়ে দিয়েছে। নান্দাইলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. তামিম আল ইয়মীন ওই রায় দেন। চারকান্দা গ্রামের ছয়জন বলেন, গত ১৮ ফেব্রুয়ারি রাতে পুলিশ সাত্তারসহ তিনজনকে আটক করে। পরে তিনজনই ছাড়া পান। এ ঘটনায় পুলিশের বিরুদ্ধে টাকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় ২০ ফেব্রুয়ারি ‘থানা থেকে তিন মাদকসেবীকে ছেড়ে দেওয়ার অভিযোগ’ শিরোনামে প্রথম আলোয় সংবাদ প্রকাশিত হয়। এরপর থেকে পুলিশ সাত্তারকে খুঁজছিল।