চট্টগ্রামে মাদক মামলায় তিনজনকে তিন বছর করে কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিরা হলেন নুরুল আবছার, দীপক দে ও মো. সাদেক। গতকাল সোমবার জননিরাপত্তা ট্রাইব্যুনাল চট্টগ্রামের বিশেষ দায়রা জজ সৈয়দা হোসনে আরা আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি মো. জাহাঙ্গীর আলম বলেন, ২০০৮ সালের ২৫ নভেম্বর বোয়ালখালীর চরণদ্বীপ এলাকায় একটি অটোরিকশা থেকে ১৫০ লিটার চোলাই মদ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়। আদালত সাতজন সাক্ষীর সাক্ষ্য শেষে এ রায় দেন। রায় ঘোষণার পর আসামিদের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।