
সিলেটে মাদক মামলায় দুই ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। পাকিস্তান থেকে হেরোইন এনে যুক্তরাজ্যে পাচারের দায়ে তাঁদের এ দণ্ডাদেশ দেওয়া হয়।
আজ সোমবার দুপুরে সিলেট মহানগর দায়রা জজ মুজিবুর রহমান ভূঁইয়া ওই দুজনের বিরুদ্ধে দণ্ডাদেশ ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন হোসেন আহমদ মানিক ও পারভেজ আলম সুমন। তাঁরা দুজনই সিলেটের বিয়ানীবাজারের বাসিন্দা। মৃত্যুদণ্ডের পাশাপাশি দণ্ডিতদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করেছেন আদালত। হোসেন আহমদ পলাতক রয়েছেন।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মফুর আলী বলেন, ২০১৪ সালের ৯ মার্চ পাকিস্তানের লাহোর থেকে সিলেটের দক্ষিণ সুরমার বৈদেশিক ডাক বিভাগে চারজনের নামে একটি পার্সেল আসে। পার্সেলগুলো দেখে তৎকালীন ডাক বিভাগের সুপারভাইজারের সন্দেহ হলে তিনি তা খুলে দেখেন। এ সময় তিনি পার্সেলগুলোতে ৮ কেজি ৪৫ গ্রাম হেরোইন দেখতে পান। পরে পার্সেলে উল্লিখিত নাম-ঠিকানা যাচাই-বাছাই করে ভুয়া ঠিকানা ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।
মফুর আলী জানান, ঠিকানার সঙ্গে লেখা মোবাইল ফোন নম্বরের সূত্র ধরে পুলিশ হোসেন আহমদ মানিক ও পারভেজ আলম সুমনকে শনাক্ত করে। পরে জানা যায়, তাঁরা পাকিস্তান থেকে হেরোইন এনে যুক্তরাজ্যে পাচার করতেন।
এ ঘটনায় ২০১৪ সালের ১৩ মার্চ বৈদেশিক ডাক বিভাগের শুল্ক ইউনিটের সহযোগী রাজস্ব কর্মকর্তা মিজানুর রহমান বাদী হয়ে ১৯৯০ সালের মাদকদ্রব্য আইনে মামলা করেন। ২০১৫ সালের ২ নভেম্বর দক্ষিণ সুরমা থানার পুলিশ পরিদর্শক (এসআই) জমশেদ আলম এ দুজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।