রাজবাড়ী সরকারি কলেজের বিদ্যাসাগর হলে মাদক সেবনে বাধা দেওয়ায় গতকাল রোববার ছাত্রদের মারধর করা হয়েছে।
বিদ্যাসাগর হল থেকে জানা গেছে, গত শনিবার বিকেলে স্থানীয় ড্রাই আইস ফ্যাক্টরি এলাকার সোহাগ ও কলি হলের টিনশেড ভবনের একটি কক্ষে ইয়াবা সেবন করতে আসেন। এটা জানতে পেরে উপাধ্যক্ষ ফখরুজ্জামান এবং শিক্ষক আবু ওবায়েদ মো. বাসেত ঠাকুর ওই কক্ষে যান। এ সময় কলি বাসেত ঠাকুরকে ধাক্কা দিয়ে পালিয়ে যান। তবে সোহাগকে ধরে উপাধ্যক্ষ তিরস্কার করেন।
গতকাল বেলা ১১টার দিকে ওই কক্ষে সোহাগ ও তাঁর সহযোগী দেবা ঢুকে কক্ষের আবাসিক ছাত্র রাজেন, অনিক, প্রান্ত ও সুমনকে মারধর করেন। এরপর তাঁরা টেলিভিশন কক্ষ থেকে ক্রিকেট স্ট্যাম্প নিয়ে হোস্টেলের আবাসিক ছাত্র মিন্টু শিকদার ও তাপস বিশ্বাসকে মারধর করেন।
রাজবাড়ী সদর থানার ওসি আবদুল খালেক জানান, হামলাকারীদের ধরার চেষ্টা চলছে।