মাদারীপুর সদর উপজেলায় বিশ্বকাপ ফুটবলের খেলা দেখা নিয়ে দুই দল গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষে ৩৫ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের ফুটবল খেলা বড় পর্দায় দেখার জন্য সদর উপজেলার তাঁতিবাড়ি বাজারে আয়োজন করা হয়। খেলা দেখতে রাত ১০টার মধ্যে হাজির হন ঝিকরহাটি গ্রাম ও তাঁতিবাড়ি গ্রামের হাজারও দর্শক। ওই সময় বসার স্থান নিয়ে বড়-ছোটদের মধ্যে বাগ্বিতণ্ডা। এ সময় স্থানীয় শাকিল ও হাসানের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এরই জের ধরে গতকাল সকাল ১০টা থেকে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাঁরা বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটান।