মাদারীপুর সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে সোহেল কাজী (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পখিরা এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া সোহেল কাজী পখিরার আহম্মেদ কাজীর ছেলে। তিনি কৃষিকাজে যুক্ত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় নিজ বাড়িতে পানির মোটরে বৈদ্যুতিক সংযোগ দিতে যান সোহেল কাজী। এ সময় বৈদ্যুতিক তারের সংযোগ দিতে গেলে সোহেল বিদ্যুতায়িত হয়ে পড়েন। বিষয়টি বাড়ির লোকজন বুঝতে পেরে তাঁকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন।
সোহেলের নিকটাত্মীয় রুবেল ব্যাপারী বলেন, সোহেলের ছোট ছোট দুই ছেলেসন্তান রয়েছে। সোহেলের এমন মৃত্যু কেউ মেনে নিতে পারছে না।
মাদারীপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল হক সরদার বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্টে এক যুবক নিহত হওয়ার খবর পেয়েছি।’