মাদারীপুরে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের গৈদি এলাকার রুবেল সরদার হত্যার বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।এলাকাবাসী ও নিহত রুবেলের আত্মীয়স্বজনেরা মানববন্ধন শেষে মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের ওপর বসে থেকে প্রায় পৌনে এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। এ সময় তারা রুবেল হত্যাকারীদের ফাঁসি দাবি করে বিভিন্ন স্লোগান দেয়।মাদারীপুর সদর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটমাঝি ইউনিয়নের গৈদি এলাকায় খলিল সরদার ও হাবিব সরদার এই দুই পক্ষের মধ্যে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে গত শনিবার রাতে সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় প্রতিপক্ষের হামলায় রুবেল সরদার মারা যান। এ ঘটনায় জেলা আদালতে একটি হত্যা মামলা হয়েছে।