
আজ সোমবার শিক্ষার্থীদের অঞ্জলির মধ্য দিয়ে মাদারীপুরসহ সারা দেশে অনুষ্ঠিত হচ্ছে সরস্বতী পূজা। তবে মাদারীপুরে এই পূজাকে ঘিরে তিন দিনব্যাপী রয়েছে আয়োজন। এই পূজা উপলক্ষে অস্থায়ী মণ্ডপগুলোকে আকর্ষণীয় করে তুলতে শহরের পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে বর্ণাঢ্য আলোকসজ্জায় সাজানো হয়েছে।
বাংলাদেশের মধ্যে মাদারীপুরের এই সরস্বতী দেবীর পূজা সবচেয়ে ব্যয়বহুল ও জমজমাট পূর্ণ। এবার মাদারীপুর পুলিশ সুপারের সৌজন্যে প্রথমবারের মতো সদর মডেল থানা প্রাঙ্গণে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। এ ছাড়া পৌর এলাকার ৭০টির বেশি স্থানে এই পূজা হচ্ছে।
ভক্ত ও আয়োজকেরা বলেন, জ্ঞান আহরণ ও বিদ্যা-বুদ্ধি অর্জনের জন্য সনাতন (হিন্দু) ধর্মের শিক্ষার্থীরা সরস্বতী পূজা করে থাকে। ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ হিসেবে প্রতিবছরের মতো এবারও মাদারীপুরে সোমবার থেকে তিন দিনব্যাপী শুরু হতে যাচ্ছে সরস্বতী পূজা। বিদ্যাদেবীর এ পূজা উপলক্ষে শহরের প্রায় পাঁচ কিলোমিটারে আলোকসজ্জা ও নানা অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ মাদারীপুর জেলার সভাপতি প্রাণতোষ মণ্ডল বলেন, ধর্ম-বর্ণনির্বিশেষে সবার সহযোগিতায় এই অনুষ্ঠান সর্বজনীন পূজায় পরিণত হয়েছে। বার পূজাতে ঢাকা, খুলনা, কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন স্থান থেকে আলোকসজ্জা, সাউন্ডসিস্টেম ও ডেকোরেটর ভাড়া করা হয়েছে।