মানবতাবিরোধীদের ক্ষেত্রে রাষ্ট্রপতির সাধারণ ক্ষমা পাওয়ার সুযোগ রহিত করে সংবিধান সংশোধনের দাবিকে যুক্তিযুক্ত বলে মত দিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। গতকাল সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।অনুষ্ঠানের বিশেষ অতিথি মিজানুর রহমান বলেন, ‘আমাদের অভিজ্ঞতা সুখকর নয়। অতীতে দেখা গেছে, অনেক জঘন্য অপরাধী এ সুযোগ নিয়ে সাধারণ ক্ষমা পেয়েছে। মানবতার বিরুদ্ধে অপরাধীরা এ সুযোগ যাতে না পায়, তাই সংবিধান সংশোধন করতে হবে। এ বিষয়ে নতুন প্রজন্ম এবং একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির দাবি খুবই যুক্তিযুক্ত।’আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন ১৯৭৩ সংশোধনী বিল পাস হওয়ায় রাষ্ট্র ও আসামিপক্ষ সমান সুযোগ পেল বলে মন্তব্য করেন মিজানুর রহমান। মানবতাবিরোধীদের বিচার হওয়া মানবাধিকার প্রতিষ্ঠার অংশ বলে মন্তব্য করেন তিনি।অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, একাত্তরে যারা গণহত্যা করেছে, তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। মানবতাবিরোধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিকে সমর্থন করে আইনজীবী রফিক-উল হক বলেন, এ ক্ষেত্রে বিচার-প্রক্রিয়া স্বচ্ছ হতে হবে। আইন করে হরতাল বন্ধ করা যাবে না বলেও মত দেন তিনি। সৈয়দ রাশেদুল ইসলামের সভাপতিত্বে মাসিক মানবাধিকার খবর পত্রিকার প্রথম বর্ষপূর্তির এই অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শ ম রেজাউল করিম, কমল কুমার সাহা প্রমুখ।