মানবতাবিরোধী অপরাধের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
ফাইল ছবি

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে নওগাঁ জামায়াতের সাবেক নেতা রেজাউল করিম মন্টুসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ মঙ্গলবার এই রায় দেন।

ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন—বিচারপতি মো. আবু আহমেদ জমাদার ও বিচারপতি কে এম হাফিজুল আলম।

মৃত্যুদণ্ড পাওয়া অন্য দুই আসামি হলেন—নওগাঁর মো. নজরুল ইসলাম ও মো. শহিদ মণ্ডল।

মৃত্যুদণ্ড পাওয়া তিনজনের মধ্যে নজরুল পলাতক। মিন্টু ও শহিদ কারাগারে।

রায় উপলক্ষে কারাগারে থাকা দুই আসামিকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

আসামিদের বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধকালে আটক, হত্যা, নির্যাতন, অপহরণ, লুণ্ঠন ও অগ্নিসংযোগের মতো তিনটি অভিযোগ আনা হয়।

ট্রাইব্যুনালে এই মামলায় রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী, আবুল কালাম ও তাপস কান্তি বল। কারাগারে থাকা দুই আসামির পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান।

পলাতক নজরুলের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে গাজী এম এইচ তামিম শুনানি করেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে প্রসিকিউটর আবুল কালাম প্রথম আলোকে বলেন, সাতজনকে হত্যাসহ আসামিদের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়। রাষ্ট্রপক্ষ তিনটি অভিযোগই প্রমাণ করতে সক্ষম হয়েছে।

দুই আসামির আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান প্রথম আলোকে বলেন, মক্কেলের সঙ্গে আলোচনা সাপেক্ষে আপিল করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।