রংপুরের বদরগঞ্জ উপজেলায় বাল্যবিবাহ রোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মানববন্ধন, শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। গতকাল রোববার কুতুবপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ও লোহানীপাড়ার কাঁচাবাড়ি বাজারে ওই অনুষ্ঠান হয়। গতকাল বেলা ১১টার দিকে লোহানীপাড়ার কাঁচাবাড়ি উচ্চবিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থী কাঁচাবাড়ি বাজারে মানববন্ধন ও শোভাযাত্রা করে। পরে বিদ্যালয় মাঠে আলোচনা সভায় অংশ নেন লোহানীপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইলিয়াস আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াদুদ আলী প্রমুখ। ওই দিন দুপুরে কুতুবপুর ইউনিয়ন পরিষদ চত্বরেও অনুরূপ অনুষ্ঠান হয়। বেসরকারি সংস্থা ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি প্রকল্পের উদ্যোগে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।