ভাতা বৃদ্ধির দাবিতে রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষানবিশ চিকিৎসকেরা গতকাল মঙ্গলবার মানববন্ধন করেছেন। শিক্ষানবিশ চিকিৎসক পরিষদের আয়োজনে বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই কর্মসূচি পালন করা হয়। বক্তারা বলেন, শিক্ষানবিশ চিকিৎসকেরা হাসপাতালের মূল চালিকাশক্তি। তাঁদের ১২ থেকে ১৮ ঘণ্টা পর্যন্ত দায়িত্ব পালন করতে হয়। নতুন পে-স্কেল দেওয়া হলে নৈশপ্রহরী ও সেবিকাদের বেতনও তাঁদের ভাতার চেয়ে বেশি হয়ে যাবে। তাঁদের এখন ১০ হাজার টাকা ভাতা দেওয়া হয়।