আসন্ন এসএসসি পরীক্ষায় ফরম পূরণের নামে রসিদবিহীন অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে পঞ্চগড়ে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা শাখা মানববন্ধন করেছে। গতকাল রোববার দুপুরে শহরের শেরেবাংলা পার্কে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে ঘণ্টাব্যাপী ওই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বাসদের (মার্ক্সবাদী) জেলা সমন্বয়ক তরিকুল আলম, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য মনিরুজ্জামান প্রমুখ বক্তব্য দেন। বক্তারা পরীক্ষায় বোর্ড নির্ধারিত ব্যবহারিক পরীক্ষার ফি ১ হাজার ১৯০ টাকা নির্ধারণ করে দিলেও প্রধান শিক্ষকেরা বিভিন্ন অজুহাতে ২০০০ টাকা থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত ফি আদায় করছেন। অতিরিক্ত ফি আদায় বন্ধে তাঁরা শিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেন।