পদোন্নতিসহ তিন দফা বাস্তবায়নের দাবিতে গতকাল মুন্সিগঞ্জের সুপার মার্কেট এলাকায় মানববন্ধন করেছেন ইউনিয়ন পরিষদের সচিবেরা। ইউনিয়ন পরিষদ সচিব সমিতির জেলা শাখার উদ্যোগে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। এতে জেলার ৬৭ ইউনিয়ন পরিষদের প্রায় সব সচিব অংশ নেন। মানববন্ধন শেষে দাবি বাস্তবায়নের জন্য তাঁরা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন। পরে ইউনিয়ন পরিষদ সমিতির জেলা কমিটির সভাপতি এইচ এম রেজাউল করিমের সভাপতিত্বে প্রতিবাদ সভা করা হয়।